১জিবি ব্রডব্যান্ড সেবা চালু করলো এয়ারটেল

১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫৩  
এক জিবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাপ্যাকেজ ঘোষণা করেছে এয়ারটেল। মুকেশ আম্বানির কোম্পানি জিও ফাইবারকে টেক্কা দিতে ভারতে এই অফার চালু করলো তারা। এর আগে এয়ারটেল ব্রডব্যান্ডের সর্বোচ্চ গতি ছিল ৩০০ এমবিপিএস। মূল্য ছিল ১,৯৯৯ রুপি। কিন্তু সম্প্রতি তা এক জিবিপিএস করা হয়েছে, যার জন্য মাসিক খরচ পড়বে ৩,৯৯৯ রুপি। গেজেট ৩৬০ প্রকাশিত তথ্য অনুযায়ী, এই প্ল্যানে আনলিমিটেড ডেটা ব্যবহার করা গেলেও মাসে ৩.৩ টেরা বাইট পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করা যাবে কি না জানা যায়নি। তবে নেটফ্লিক্স, আমাজান প্রাইম এবং জি ৫ এর ৪কে রেজুলেশনের প্রিমিয়ার সেবা মিলবে এই প্যাকেজেই। একইসঙ্গে ভারতের যে কোনো নেটওয়ার্কের ল্যান্ডফোনে বিনা পয়সায় কথা বলতে পারবেন। আপাতঃত দিল্লি এনসিআর, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালুর, হায়দারাবাদ, চেন্নাই, চন্ডিগড়, কলকতা, জয়পুর এবং আমাদাবাদে এই সেবা চালু হয়েছে। ভারতে সর্বপ্রথম এক জিবিপিএস কানেকশন নিয়ে এসিটি ফাইবার হাজির হয়েছিল। এরপর স্পেকট্রা, নেটপ্লাস, জিও ফাইবার ১ জিবিপিএস কানেকশন নিয়ে আসে। এবার সে দলে সামিল হয়েছে এয়ারটেল ভি ফাইবার। এয়ারটেল ভি ফাইবারের ৩,৯৯৯ রুপির প্ল্যানটিতে ডেটার মেয়াদ ৬ মাস। প্ল্যানের সাথে অতিরিক্ত ১০০০ জিবি ডেটা উপহার রয়েছে। আরও উপহার রয়েছে- ১ বছরের অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন, ফ্রি ৩ মাসের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপ সাবস্ক্রিপশন ও জি ফাইভের মাসিক সাবস্ক্রিপশন।